
ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ : দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন।
বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক ভর্তি
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৬৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
যেসব এলাকায় মৃত্যু হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হিসাব নিয়মিত পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে